আরিফুল ইসলাম
ভোলা প্রতিনিধি
ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গোপাল দেবনাথকে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে চিকিৎসাধীন ভিকটিমকে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে দুপুর আনুমানিক ১২টার দিকে উত্তর দিঘলদী এলাকার গোপাল দেবনাথের বসতঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি ভোলা সদর থানার মামলা নং-৪৭, তারিখ ১৪ মে ২০২৬ হিসেবে রুজু করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতালে যান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। তিনি চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দেন। এ সময় ভিকটিমের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফিরোজ আলম ও এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অভিযুক্ত গোপাল দেবনাথকে উত্তর দিঘলদী এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভিকটিমের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তা দেওয়া হবে।