নিজস্ব প্রতিবেদন
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. রুহুল আমিনের প্রায় দেড় লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মসজিদ মার্কেট এলাকায় ব্যবসা করে আসছেন মো. রুহুল আমিন। পাশাপাশি তিনি বিভিন্ন গ্রাহকের বিকাশ লোডের টাকা লেনদেনের কাজও করেন। গত ২২ তারিখ দিবাগত রাতে পরিবারের সদস্যরা গভীর ঘুমে থাকাকালে অজ্ঞাতনামা চোর বা চোরের দল তার ঘরে প্রবেশ করে। পরে আলমারিতে রাখা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ব্যবসায়ী রুহুল আমিনের দাবি, চুরি যাওয়া টাকার মধ্যে বিভিন্ন গ্রাহকের বিকাশ লোডের অর্থ এবং তার ব্যবসার শেষ সম্বল ছিল। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।