নিজস্ব প্রতিবেদন
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার বলেন, জেলায় কোনোভাবেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হতে দেওয়া হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুদ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ফিলিং স্টেশন মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও জানান, অবৈধ মজুদ, কালোবাজারি এবং অতিরিক্ত মূল্যে তেল বিক্রির বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে নিয়মিত নজরদারি জোরদার করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।