নিজস্ব প্রতিবেদন
ভোলার বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট (সোমবার) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার একটি সন্দেহজনক বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ৮০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, জব্দকৃত অবৈধ সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।